খারাপ খেললে তো টাকা ফেরত দেয় না, ক্ষতি পূরণ কেন দেব : বিসিবি পরিচালক

খারাপ খেললে তো টাকা ফেরত দেয় না, ক্ষতি পূরণ কেন দেব : বিসিবি পরিচালক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা আইসিসি থেকে টাইগারদের ভেন্যু সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আর ভারতে না যাওয়ার পক্ষে অনড় অবস্থান বোর্ডের। শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেললে আর্থিকভাবে লোকসান হবে ক্রিকেটারদের।

বিশ্বকাপ না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে আজ বুধবার বিসিবি পরিচালক নাজমুল বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

নাজমুল আরও বলেন, ‘(ক্ষতিপূরণ চাওয়া) এই প্রশ্ন তুলতেই পারবে না। কারণ হচ্ছে, আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি? প্রতিবারই তো বলতে পারি, তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করেছি নিতে থাকি। ফেরত দেও।’

পারফরম্যান্স অনুযায়ী পারিশ্রমিক নিয়ে নাজমুল জানান, ‘ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে, পারফরম্যান্স বেইজড। আমার একার সিদ্ধান্তে হবে না। বোর্ডের সিদ্ধান্তে হবে। বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অব ভিউ হতেই পারে। কথা যেহেতু আসছে, সামনে এমন হতেই পারে। আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করছেন। আমি ২৫ জনের একজন, তবে আমিই ২৫ জন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *