ভোটে কেন্দ্রে বাধা দিলে প্রতিরোধ করা হবে: জামায়াত প্রার্থী হেলালী

ভোটে কেন্দ্রে বাধা দিলে প্রতিরোধ করা হবে: জামায়াত প্রার্থী হেলালী

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি। তারা ভোটের খিদা নিয়ে বসে আছে। সেই খিদার সামনে কেউ বাধা হয়ে আসলে প্রতিরোধ করা হবে। জনগণই তাদের প্রতিহত করবে।

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমি সব ভোটারকে অনুরোধ জানাব ভোট আপনার মৌলিক অধিকার। কোনভাবেই ভোট না দিয়ে যাবেন না। কেউ বাধা দিলে প্রতিরোধ করবেন।

এসময় তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা নাগরিকদের সন্তুষ্ট করুন। অন্য কোন পরিকল্পনা নিয়ে আগাতে পারবেন না এবার। চট্টগ্রাম-১০ আসনে কোন দুরভিসন্ধিমূলক পরিকল্পনা টিকবে না। আমরা হতে দেব না। হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এলাকায় নারী ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, অনেক স্থানে নারীদের বাধা দেওয়া হচ্ছে। ভীতি সৃষ্টি করা হচ্ছে। প্রশাসনকে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

Advertisement

এসময় তিনি ভোটের দিন কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিষয়ে ইসি যে নির্দেশনা দিয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটি কখনই হতে পারে না। ভোটারদের কাছে মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের খবরা-খবর রাখতে হয়, জানাতে হয়। তাহলে তারা কোথায় ফোন রেখে কেন্দ্রে যাবে। এটি অযৌক্তিক। একটা কেন্দ্রকে এভাবে ছেড়ে দেওয়ার কোন কারণ হতে পারে না। এই বৈষম্যমূলক ও দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অনেক প্রার্থী ডামী প্রার্থী দিয়ে তাদের এজেন্টদের মাধ্যমে সুবিধা নেওয়ার পরিকল্পনা করেছে। ভোটের দিন ডামী প্রার্থীদের লোকজন গণ্ডগোল সৃষ্টি করে কৌশলে কেন্দ্র থেকে নারী ভোটার তাড়াতে কাজ করবে বলে আমরা খবর পেয়েছি।

নির্বাচনী ইশতেহারে হেলালী বলেন, নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পাবে সম্মানের জীবন। প্রশাসন হবে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক। আমার অঙ্গিকার ইনসাফ ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবিক উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম-১০ কে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা। আমি তরুণদের জন্য কর্মসংস্থান, পরিকল্পনা, দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন করা হবে। নাগরিক সেবার সংস্কার, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা, ওয়ান-স্টপ সার্ভিস ও আধুনিক সহায়তা কেন্দ্র ও জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্য সেবা হবে সবার অধিকার, ন্যার্য পণ্য মূল্য, মাদক বিরোধী আন্দোলন, সন্তানদের ভবিষ্যৎ, বস্তিবাসীদের জন্য নিরাপদ শহর, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বন, জৈববৈচিত্র ও সমুদ্র উপকূল সংরক্ষণ, যানজট-মুক্ত শহর গড়া, বিহারী জনগোষ্ঠীর অধিকার, ওয়াসার পানি সংকট দূর করা ও লবণাক্ততা দূর করা, দুর্নীতি প্রতিরোধ, স্থানীয় সরকারে নগর সরকার বিকেন্দ্রীকরণ। একটি মানবিক, উন্নয়নমুখী এলাকা গড়ে তোলাই হবে আমার প্রত্যয়।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *